জাল ভোট দিতে গিয়ে আটক দুই জনের ২ বছরের জেল

নারায়ণগঞ্জ-৪ আসনে ফতুল্লার একটি ভোটকেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে আটক হওয়া দুই জনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা দেলপাড়া এলাকার মো. ইস্রাফিল এবং পূর্ব দেলপাড়া এলাকার জামাল হোসেন। তারা স্থানীয়ভাবে শামীম ওসমানের কর্মী বলে পরিচিত।
সোমবার (৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, এ আসনটিতে নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিথীর আদালত ওই দুই জনকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন। নির্বাচনি মামলায় ওই দুই ব্যক্তিকে একইসঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে রোববার বিকেলে দেলপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন ওই দুই যুবক।
এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, নারায়ণগঞ্জ-২ আসনে জাপার প্রার্থী আলমগীর সিকদার লোটনের ছোট ভাই জোটন কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনায় তাকেও দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে বিচারিক আদালত। এছাড়া নির্বাচনি মাঠে ভোটারদের প্রভাবিত করতে প্রকাশ্যে টাকা বিলি করায় নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার দুই কর্মীকেও ২ বছরের সাজা দেওয়া হয়েছে।





