ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার

ভোটকেন্দ্রে নির্বাচনি পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন পর্যবেক্ষক স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে। তবে ভোটার উপস্থিতি খুবই কম বলে মন্তব্য করেছেন তিনি। রোববার (৭ জানুয়ারি) সকালে ঢাকার সিদ্ধেশ্বরী ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ নারী ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সকাল ৯টা ৩৫ মিনিটে ভোটকেন্দ্রটিতে প্রবেশ করেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. শাহিনকে নিয়ে দুটি বুথ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকরা ভোটের পরিবেশ ও ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে মার্টিন ডে বলেন, ভোটকেন্দ্রে ভোটিং সিস্টেম ভালো। কিন্তু ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। মনে হচ্ছে সামার চলছে। ভোটকেন্দ্রেও দেখছি সামারের প্রভাব।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র পরিদর্শন করছে বিদেশি পর্যবেক্ষকরা। তাদের মধ্যে পর্যবেক্ষক হিসেবে ভোটকেন্দ্র পরিদর্শন করছেন স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে।





