ভোটের দিন যেমন থাকবে আবহাওয়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। এদিন ভোর থেকেই সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। দেশের কোথাও কোথাও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে ভোটের আগের দিন দেশের কোনো কোনো জেলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ৭ জানুয়ারি (ভোটের দিন) অস্থায়ীভাবে আশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে । ঘন কুয়াশার কারণে সারাদেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
এছাড়া শনিবার অর্থাৎ নির্বাচনের আগের দিন দেশের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।





