জাতীয়

গাইবান্ধা-৫ আসনে ভোট বন্ধের খবর অসত্য ও ভিত্তিহীন: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত করার খবর অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, সন্ধ্যায় নির্বাচনের পরিবেশ অনুকূলে না থাকায় গাইবান্ধা-৫ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে।

ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৩৩ গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ শিরোনামে দেশের বিভিন্ন টিভি চ্যানেলের স্ক্রলে এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অনলাইন ভার্সনে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে মাননীয় কমিশন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ তথ্যটি অসত্য ও ভিত্তিহীন।

এতে আরও বলা হয়েছে, এ তথ্যে সংশ্লিষ্ট আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য মাননীয় নির্বাচন কমিশন সর্বসাধারণকে আহ্বান জানাচ্ছেন। একইসাথে দেশের সকল ধরনের গণমাধ্যমে ‘৩৩ গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন’ এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।

গাইবান্ধা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক) ও শামসুল আজাদ শীতল (ঈগল পাখি), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা) এবং এনপিপির ফারুক মিয়া (আম)।

এর আগে, গাইবান্ধা-৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা (সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা) মো. ইসাহাক আলীসহ ৪ কর্মকর্তাকে নির্বাচনি কার্যক্রম পরিচালনা থেকে অবিলম্বে প্রত্যাহারের হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে ভোটের চার দিন আগে গত ৩ জানুয়ারি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী আতাউর রহমান সরকার। সরকারের একতরফা নির্বাচন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

গাইবান্ধা-৫ আসনে ভোট বন্ধের খবর অসত্য ও ভিত্তিহীন: ইসি

০৫ জানুয়ারি ২০২৪
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.SatkahonNews.com