সরকারি গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণা, অতিরিক্ত ডিআইজিকে তলব

সরকারি গাড়ি ব্যবহার করে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে প্রচারণা চালানোর অভিযোগে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির স্বামী পুলিশের অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামীকাল বৃহস্পতিবার সশরীরে তাকে হাজির হয়ে আদালতে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুধবার (২ জানুয়ারি) বগুড়া-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ শাহনাজ পারভীন এই নোটিশ দেন।
অতিরিক্ত ডিআইজি মিলনের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি এই আসনে তবলা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর সুপারিশ করা হবে না তা আগামীকাল ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে কথা বলতে অতিরিক্ত ডিআইজি হামিদুল হক মিলনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।





