আ’লীগ ঋণখেলাপিদের কিছু হয় না, সাজা হয় জাতির গর্ব ইউনূসের: রিজভী
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে দেওয়া ছয় মাসের কারাদণ্ডের রায়কে গণভবন থেকে আসা সাজানো ফরমায়েশি রায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, দেশে আওয়ামী লাখ লাখ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা, ব্যাংক ডাকাত, ঋণখেলাপিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেওয়া হয় ড. মুহাম্মদ ইউনুসের মতো জাতির গর্বকে।’
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির মুখপাত্র রিজভী বলেন, ‘শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফরমায়েশি রায়ে আজ ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন শেখ হাসিনার আদালত। এ গণভবনের রায়ে পুরো জাতি লজ্জিত। ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বশবর্তী হয়ে এ রায় দেওয়া হয়েছে- শেখ হাসিনা অব্যাহতভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিষোদগার এবং তাকে হুমকি দেওয়ার ঘটনা প্রমাণ করে।’
তিনি বলেন, ‘২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা দেশনেত্রী খালেদা জিয়া ও নোবেলজয়ী ড. ইউনূসকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পষ্ট হয় ড. ইউনূসকে নিয়ে গভীর দুরভিসন্ধি করা হচ্ছে।





